২০ নভেম্বর থেকে পাবনা প্রভাতী-গোধূলি এক্সপ্রেস চলবে

আগামী ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেন। এই দুটি ট্রেন চালুর আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

বাসস জানায়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ১১ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় ট্রেন দুটি বাণিজ্যিকভাবে পরিচালনা ও উদ্বোধনী ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ছেড়ে যাবে। পথে ট্রেনটি শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে। উদ্বোধনী ট্রেনের টিকিট কেবল পাবনা ও ঈশ্বরদী স্টেশনের কম্পিউটারাইজড কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ভারসাম্য বজায় রাখার জন্য ১৯ নভেম্বর উদ্বোধনী ট্রেনটি পরিচালনা করা হবে। পরদিন ২০ নভেম্বর ঢাকা থেকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ও ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’এর নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এ নির্দেশনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।