বিনিয়োগ উন্নয়নে স্বীকৃতি পেল বাংলাদেশ

বাংলাদেশের সমন্বিত ডিজিটাল বিনিয়োগ সেবার প্ল্যাটফর্ম বাংলাবিজ এবং ৫৫ কোটি ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এগিয়ে নিতে ভূমিকার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইনভেস্ট বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে সংস্থাটি।

গত ১০ নভেম্বর জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ইনভেস্ট বাংলাদেশের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।  

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইনভেস্ট বাংলাদেশ। 

এতে বলা হয়, বিশ্বের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হয়েছে ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন। এর অংশ হিসেবে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোকে এ পুরস্কার দেওয়া হয়। স্বল্পোন্নত দেশগুলোর বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর জমা দেওয়া কার্যক্রমের বিবরণ মূল্যায়ন করে স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী এ বিশেষ স্বীকৃতির জন্য সংস্থা নির্বাচন করে।

ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশের সমন্বিত ডিজিটাল বিনিয়োগ সেবার প্ল্যাটফর্ম বাংলাবিজের মাধ্যমে ৪৭টি সরকারি সংস্থার ১৪২টির বেশি সেবা বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়া এবং ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এগিয়ে নিতে ভূমিকার জন্য এ স্বীকৃতি পেয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, বিনিয়োগ সহায়তা কার্যক্রম জোরদার এবং বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে চলমান প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিনিয়োগসংক্রান্ত প্রক্রিয়া সহজ করা, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সম্ভাব্য বিনিয়োগকে বাস্তব প্রকল্পে রূপ দিতে ইনভেস্ট বাংলাদেশ ও সরকারের অংশীদার সংস্থাগুলোর চলমান সংস্কার কার্যক্রমেরই প্রতিফলন এ স্বীকৃতি।

বিষয়টি নিয়ে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘এসব সংস্কারে সমর্থন দেওয়ার জন্য সরকারকে, সংস্কারগুলো বাস্তবায়নে সহযোগিতার জন্য আমাদের অংশীদারদের এবং বিনিয়োগকারীদের আরও ভালো ও দ্রুত সেবা দেওয়ার পরিবেশ গড়ে তুলতে অবদান রাখা ইনভেস্ট বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানাই। এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার অর্জন।’

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সংস্কার প্রণয়নের আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করা হয়। এসব সংস্কারের মধ্যে ছিল আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং বিদেশি পেশাজীবীদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল করা ও নির্দিষ্ট সময়সীমার আওতায় আনা।

এছাড়া বিদেশ থেকে ঋণ গ্রহণ এবং বিনিয়োগের মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়। অ্যাম্বাসেডর কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে ইয়ংওয়ানসহ বড় বিনিয়োগকারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করা হয়। পাশাপাশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে এফডিআই হিটম্যাপের মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়।

এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চে ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করে ইনভেস্ট বাংলাদেশ। এতে অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা সহজলভ্য করা এবং সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। গত সেপ্টেম্বরে এ কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদনও প্রকাশ করে সংস্থাটি। একই সময়ে কয়েকটি সংস্থার একীভূতকরণের মাধ্যমে ইনভেস্ট বাংলাদেশ গঠিত হয়। এর ফলে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে আসে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাত ও দেশ থেকে আসা সম্ভাব্য প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে ইনভেস্ট বাংলাদেশ। এসব প্রস্তাবকে বাস্তব বিনিয়োগ প্রকল্পে রূপ দেওয়া এখন সংস্থাটির অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংস্থাটি।