কুড়িগ্রামে হত্যা মামলার চার্জশিট নিয়ে ক্ষোভ

কুড়িগ্রাম সদর উপজেলায় জাহিদ হাসান বশির হত্যা মামলার অভিযোগপত্রে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। তাদের দাবি, এজাহারে উল্লেখ করা সব আসামিকে অন্তর্ভুক্ত করে মামলাটি পুনরায় তদন্ত করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যান অংশগ্রহণকারীরা। এ সময় পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম।

স্মারকলিপি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কেকতির পাড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশাচালক জাহিদ হাসান বশিরকে বাড়িতে ডেকে নেওয়া হয়। আসামি আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ডেকে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তা
কে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।

বাদীর অভিযোগ, মামলার তদন্ত শেষে ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে শুধু ১ নম্বর আসামিকে রাখা হয়েছে। বাকি ছয়জনকে বাদ দিয়ে নতুন কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদনে বাদীপক্ষ আরও অভিযোগ করে, জিজ্ঞাসাবাদের সময় মামলার প্রধান আসামি নিজের পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে যান। এর পরিবর্তে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে তার কয়েকজন বন্ধুর নাম উল্লেখ করেন। পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদনেও এজাহারভুক্ত পরিবারের ছয় সদস্যের নাম বাদ দিয়ে ওই বন্ধুদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি বাদীপক্ষের।

আবেদনে আরও বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনাস্থল ছিল প্রধান আসামির বাড়ির আঙিনা। সেখানে জাহিদ হাসান বশিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া নিহতের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির অনৈতিক সম্পর্ক ছিল বলে দাবি করেছে বাদীপক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছিল বলে আবেদনে উল্লেখ করা হয়।

নিহতের স্বজনদের আশঙ্কা, হত্যাকাণ্ডের এসব বিষয় যথাযথভাবে তদন্তে বিবেচনায় নেওয়া হয়নি। এতে প্রকৃত অপরাধীরা বিচারের বাইরে থেকে যেতে পারেন বলে মনে করছেন তারা। এ কারণে মামলার সব দিক পুনরায় খতিয়ে দেখা, বাদ পড়া আসামিদের সংশ্লিষ্টতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।