বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী-সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকালে ঢাকায় যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরার সঙ্গে এক বৈঠকে এসব বিষয় তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে ডা. জুবাইদা রহমান ডাচেসকে বাংলাদেশে স্বাগত জানান। নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা এবং শিশু-কিশোরদের কল্যাণে তার দীর্ঘদিনের কাজের প্রশংসা করেন। পাশাপাশি চোখের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূর করতে তার অব্যাহত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।
আলোচনায় ডা. জুবাইদা রহমান নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তরুণদের উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, একটি সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে মাতৃমৃত্যুর হার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
তিনি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে পরিবার কার্ড ও কৃষক কার্ডের বিষয়েও আলোচনা করেন। এসব কর্মসূচির মাধ্যমে পরিবার ও বিভিন্ন জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা বাড়ানোর লক্ষ্য তুলে ধরেন। এ ছাড়া মেয়েদের বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং নারীদের জন্য আরও বেশি সুযোগ তৈরির গুরুত্বের কথা বলেন।
বৈঠকে ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন ও সুরভীর দীর্ঘদিনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়েও ডাচেসকে অবহিত করেন। তিনি জানান, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠান দুটি কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, আত্মনির্ভরশীলতা বাড়ানো এবং দক্ষতা উন্নয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ রয়েছে।
এসব প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও কার্যক্রম সরকারের নীতিগত অগ্রাধিকার নির্ধারণে ভূমিকা রেখেছে এবং নির্বাচনী ইশতেহারেও তার প্রতিফলন ঘটেছে বলে জানান ডা. জুবাইদা রহমান।
তিনি সুরভীর শিক্ষা, শিশুর সুরক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি এবং দক্ষতা উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের কথাও তুলে ধরেন। এসব কার্যক্রমে অতিদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও শিশুদের বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানান তিনি।
এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন ডা. জুবাইদা রহমান। শহরের বস্তি এলাকার শিশুদের জন্য শিশু স্বর্গ মডেল, ব্লু স্কাই প্রোগ্রাম এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ ও কল্যাণে প্রয়াসের কার্যক্রমের বিষয়েও তিনি আলোচনা করেন।
পরিবেশ সচেতনতা বাড়াতে সরকারের বৃক্ষরোপণ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরিতে ‘এক শিক্ষার্থী, এক গাছ’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
ডাচেস অব এডিনবরা স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকারের উদ্যোগগুলোর প্রশংসা করেন। একই সঙ্গে সুরভী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের অবদানের কথা উল্লেখ করেন। এসব প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সরকারের বৃহত্তর নীতিনির্ধারণী কার্যক্রমে কাজে লাগানোর উদ্যোগকেও স্বাগত জানান তিনি।
এ ছাড়া নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থান ও অঙ্গীকার এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তার সোচ্চার ভূমিকার প্রশংসা করেন ডাচেস।
বৈঠকে ডা. জুবাইদা রহমান চলমান রোহিঙ্গা সংকটের প্রতি ডাচেসের আগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় সম্প্রদায়ের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
জবাবে ডাচেস অব এডিনবরা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেন। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ যে বড় দায়িত্ব পালন করছে, তা-ও স্বীকার করেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়ন এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় অভিন্ন অগ্রাধিকার নিয়ে মতবিনিময় হয়। এসব ক্ষেত্রে ভবিষ্যতে আরও সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।