এক দশক পর প্লে-ব্যাকে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা

প্রায় এক দশকের লম্বা বিরতি শেষে  নতুন করে প্লে-ব্যাকে ফিরলেন দেশের সংগীতাঙ্গনের দুই শীর্ষ তারকা কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা। এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নসীব’-এর জন্য একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তারা। ‘রাজকুমারী’ শিরোনামের গানটির কথাগুলো লিখেছেন গীতিকার কবির বকুল। এতে সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস। 

সামাজিক মাধ্যমে স্টুডিও থেকে কিছু স্থিরচিত্র প্রকাশ করেন কবির বকুল। ছবিগুলোতে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা- দুজনকেই রেকর্ডিংয়ে দেখা যায়। গীতিকার জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) টরন্টোর ‘যন্তর মন্তর’ স্টুডিওতে ভয়েস রেকর্ডিং সম্পন্ন করেন কুমার বিশ্বজিৎ। ভয়েস রেকর্ডিংয়ের কাজটি পরিচালনা করেছেন সৌমী। এর আগে গত ৪ নভেম্বর গানটির রেকর্ড করেছিলেন কনকচাঁপা। এর মধ্য দিয়ে সিনেমার গানে দীর্ঘ ৯ বছরের বিরতি ভাঙলেন তিনি।