কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: শফিকুর

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর গোপন বৈঠক বা সমঝোতার নজির নেই। রাজনৈতিক দল ও বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, তবে কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের প্রশ্নই আসে না।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানের সঙ্গে জামায়াতে ইসলামী একমত। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতেও ফ্যাসিবাদ কিংবা স্বৈরশাসনের সঙ্গে আপস করেনি। তাই পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতি পরিহার করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। দেশের স্থিতিশীলতা, সীমান্তের নিরাপত্তা এবং নাগরিকদের জানমালের সুরক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।

এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি সংস্থার গোপন বৈঠকের প্রসঙ্গ তুলে সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে ইঙ্গিত দেন।

এর জবাবে জামায়াত আমির বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে কোনো একটি দলের সমঝোতার কথা বলা হয়েছে। সে ক্ষেত্রে দলটির নাম পরিষ্কার করা উচিত। সরকারের সচিব পদমর্যাদার দায়িত্বে থাকা একজন ব্যক্তি নিয়মিত জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যের সূত্র ধরে জামায়াতকে ইঙ্গিত করা হলে সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই, কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করার নজির আমাদের নেই। এ বিষয়ে প্রমাণ থাকলে তা প্রকাশ্যে তুলে ধরার চ্যালেঞ্জও জানান তিনি।

পাল্টা অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, যারা জামায়াতের দিকে অভিযোগের আঙুল তুলছেন, তাদের নিজেদেরই দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকের রেকর্ড রয়েছে। এমনকি বিদেশি সংস্থার দেশে গিয়ে তাদের সামনে অতীতের পররাষ্ট্রনীতির ভুল স্বীকার করে বক্তব্য দেওয়ার ঘটনাও ঘটেছে। অন্যকে অভিযুক্ত করার আগে নিজেদের অতীত পর্যালোচনার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করেন জামায়াত আমির। তিনি বলেন, ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ওই দিনের ২২ মিনিটের বক্তব্যে তিনি একবারও আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি। বক্তব্যটির পূর্ণাঙ্গ ভিডিও এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে বলেও জানান তিনি।

দেশের মাদক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকারি দলের সংসদ সদস্যরাই সংসদে জানিয়েছেন, ফ্যাসিবাদের সময় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ এখন দলটির কিছু নেতার হাতে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে মাদকের বড় চালান যাতায়াতের বিষয়টিও সরকারি দলের সদস্যরা তুলে ধরেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় মাদক কারবারিদের ধরতে গিয়ে পুলিশ সরকারি দলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, বিএসএফের হাতে সীমান্তে হত্যার সংখ্যা ২২ থেকে ১২-তে নেমে আসায় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে হাততালি চেয়েছেন। এ সময় তিনি বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামলে সবাই মিলে আনন্দের সঙ্গে হাততালি দেবেন। প্রতিটি নাগরিকের জীবনের মূল্য রয়েছে। সীমান্তের নিরাপত্তায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষও ভূমিকা রাখছেন। তাদের অবদানও স্বীকৃতি পাওয়া উচিত।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সংসদে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও পারস্পরিক দোষারোপ বন্ধের আহ্বান জানান। তার ভাষ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রেখেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে। কোনো দেশের আধিপত্য মেনে না নিয়ে বাংলাদেশের স্বার্থ ও স্বকীয়তা অক্ষুণ্ন রেখে দেশ গড়াই সবার লক্ষ্য হওয়া উচিত।