রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে তরুণ নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহেদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট সড়কের রোশাইপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদ পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোশাইপাড়া এলাকার ওস্তাপাড়া গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের ছেলে। তাঁর বাবা পেশায় ডেকোরেশন মিস্ত্রি। শাহেদ ২০২৪ সালে রোশাইপাড়া জামেউল উলুম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি পোমরা শান্তিরহাটের তৈয়্যবিয়া হার্ডওয়্যার প্রতিষ্ঠানে চাকরি করতেন।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম হোসাইন জানান, সকালে মোটরসাইকেল নিয়ে শান্তিরহাট বাজারে যাওয়ার পথে রোশাইপাড়া প্রবেশমুখে একটি ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শাহেদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের অনুমতি দেওয়া হয়। বুধবার বাদ আসর স্থানীয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শাহেদের দাফন সম্পন্ন হয়।