গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ছাইয়েদুল আলম

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তিনি গ্রেড-২ পদমর্যাদায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

কাজী ছাইয়েদুল আলম বাবুল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা। তিনি এর আগে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) পদে রয়েছেন।