সাইবার নিরাপত্তায় পিছিয়ে অধিকাংশ ব্যাংক

ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়লেও গ্রাহকসেবামূলক অ্যাপের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পিছিয়ে রয়েছে দেশের অধিকাংশ ব্যাংক। সাইবার হামলা বা তথ্য চুরির ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি রয়েছে অনেক প্রতিষ্ঠানে। জরিপে অংশ নেওয়া ব্যাংকগুলোর মাত্র ৩১ শতাংশের রয়েছে নিয়মিত পরীক্ষা করা লিখিত নিরাপত্তা পরিকল্পনা। এ ছাড়া মাত্র ৪৪ শতাংশ ব্যাংক তাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। 

বুধবার রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘ব্যাংকিং অ্যাপস সিকিউরিটি ইন বাংলাদেশ: কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

গবেষণায় বলা হয়েছে, ৮১ শতাংশ ব্যাংকে নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন ঘটনার তথ্য সংরক্ষণের ব্যবস্থা (ইভেন্ট লগিং) রয়েছে। তবে ফিশিং, সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা, গ্রাহকের হিসাব দখল এবং পাসওয়ার্ড চুরির মতো সাইবার অপরাধ ব্যাংকগুলোর জন্য বড় ঝুঁকি হয়ে উঠেছে। এসব প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম থাকলেও গ্রাহকের আচরণে এর প্রকৃত প্রভাব কতটা পড়ছে, তা পরিমাপের উদ্যোগ কম।

গ্রাহকের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রেও রয়েছে দুর্বলতা। জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ ব্যাংকে নির্দিষ্ট যন্ত্রের সঙ্গে গ্রাহকের হিসাব যুক্ত রাখা এবং পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। তবে গ্রাহকের ঝুঁকির মাত্রা বিবেচনায় পরিচয় যাচাইয়ের পদ্ধতি পরিবর্তনের সক্ষমতা রয়েছে মাত্র ১৬ শতাংশ ব্যাংকের। অর্থাৎ অধিকাংশ ব্যাংক এখনো ঝুঁকিভিত্তিক পরিচয় যাচাই পদ্ধতি ব্যবহারে পিছিয়ে রয়েছে।

তৃতীয় পক্ষের প্রযুক্তি সেবাদাতাদের নিরাপত্তা তদারকিতেও ঘাটতি রয়েছে। গবেষণায় দেখা গেছে, ৭৮ শতাংশ ব্যাংক অন্তত একটি তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ ব্যবহার করে। কিন্তু এসব প্রতিষ্ঠানের এপিআইয়ের নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে মাত্র ৩৪ শতাংশ ব্যাংক। ফলে ব্যাংকের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি বাইরের প্রযুক্তি সেবাদাতাদের মাধ্যমে সাইবার ঝুঁকি তৈরির আশঙ্কাও থাকছে।

সাইবার নিরাপত্তা জোরদারে বাজেট ও দক্ষ জনবলের সংকটকেও বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে ব্যাংকগুলো। জরিপে অংশ নেওয়া ৪৭ শতাংশ ব্যাংক বাজেটের সীমাবদ্ধতা এবং সমানসংখ্যক ব্যাংক প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাবের কথা জানিয়েছে। এ ছাড়া ৩৮ শতাংশ ব্যাংক দক্ষ সাইবার নিরাপত্তা জনবল না থাকাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে।

বিআইবিএমের গবেষণার প্রাথমিক জরিপে ৩৪টি ব্যাংক অংশ নেয়। তবে উদ্দেশ্যমূলক নমুনায়ন এবং নির্দিষ্ট সময়ের তথ্যের ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়েছে। এ কারণে এর ফলাফলকে পুরো ব্যাংকিং খাতের সামগ্রিক চিত্র হিসেবে বিবেচনা না করার বিষয়টিও গবেষণায় উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের গবেষণা, উন্নয়ন ও কনসালটেন্সি বিভাগের পরিচালক অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।

গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের প্রভাষক ফাহাদ আহমেদ। গবেষণা দলের অন্য সদস্য ছিলেন অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান এবং ইস্টার্ন ব্যাংকের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম আজাদ।

সমাপনী বক্তব্যে ড. মো. এজাজুল ইসলাম ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা জোরদারে নিয়মিত যৌথ নিরাপত্তা মহড়া, জালিয়াতির অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা এবং শক্তিশালী গ্রাহক পরিচয় যাচাই পদ্ধতি চালুর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তৃতীয় পক্ষের প্রযুক্তি সেবাদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জবাবদিহি প্রতিষ্ঠা এবং দক্ষ জনবল তৈরির পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, নিরাপত্তা মহড়ায় যেসব দুর্বলতা শনাক্ত হবে, সেগুলো কত দ্রুত সমাধান করা হচ্ছে, তা নিয়মিত পরিমাপ করতে হবে। একইভাবে গ্রাহকের কাছ থেকে জালিয়াতির অভিযোগ পাওয়ার পর কত দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটিও নজরদারির আওতায় আনতে হবে।