মূল্যস্ফীতির তথ্য নির্ভূলে কমিটি

  • জিডিপির ভিত্তি বছর হচ্ছে ২০২৫-২৬ অর্থবছর
  • তথ্যের স্বচ্ছতা বাড়াতে জিডিপির ফরেনসিক অডিটের খসড়া প্রস্তুত

মূল্যস্ফীতির হিসাব নির্ভুল করতে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রণয়নে নমুনার আকার ও বাজার পর্যালোচনায় কারিগরি কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পুনর্র্নিধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। জিডিপির হিসাবের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে ফরেনসিক অডিটের খসড়া প্রতিবেদনও তৈরি করেছে এ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের (এনএসিএস) ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভায় এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় উপস্থিত কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পরিসংখ্যান সংগ্রহ ও ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে বিবিএসের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে কম্পিউটার অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউইং (সিএপিআই) পদ্ধতি চালু রয়েছে। ট্যাব ও কম্পিউটারের মাধ্যমে এ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি নেটওয়ার্ক অপারেশনস সেন্টারের (এনওসি) ড্যাশবোর্ড ব্যবহার করে বিভিন্ন শুমারি ও জরিপ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রণয়নে তথ্যের নির্ভুলতা বাড়াতে নমুনার আকার ও বাজার পর্যালোচনায় একটি কারিগরি কমিটি কাজ করছে। পরিসংখ্যান বিভাগের শিক্ষক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এবং সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) বিশেষজ্ঞ প্রতিনিধিদের নিয়ে কমিটিটি গঠন করা হয়েছে। চালের বাজারমূল্য পর্যবেক্ষণ ও তথ্য যাচাইয়ে খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথ কার্যক্রমও শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সভায় জানানো হয়, জাতীয় হিসাব প্রাক্কলনে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে জিডিপির ভিত্তি পুনর্র্নিধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক জরিপ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে জাতীয় হিসাব প্রণয়ন এবং অর্থনীতির বিভিন্ন খাতের অবদান নিরূপণে হালনাগাদ তথ্য ব্যবহারের সুযোগ তৈরি হবে।

দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে। এ জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধনীর চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হচ্ছে। প্রস্তাবে জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা (এনএসএস), জাতীয় পরিসংখ্যান কার্যালয়, প্রশাসনিক উপাত্ত, বিগ ডেটা এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পরিসংখ্যানের মৌলিক নীতিমালা (এফপিওএস) অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

সভায় জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র (এনএসডিএস) ২০২৬-৩০ প্রণয়নের অগ্রগতিও তুলে ধরা হয়। কৌশলপত্রটির চূড়ান্ত খসড়া তৈরির কাজ চলছে। সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১), নির্বাচনী ইশতেহার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে এটি চূড়ান্ত করা হচ্ছে। এ ছাড়া পরিসংখ্যানের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিবিএস সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়ন এবং সংস্থাটির প্রশাসনিক ও জনবল কাঠামো শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।