আয়াতুল কুরসি লেখা গয়না পরায় কারিনাকে আইনি নোটিস

আল কুরআনের আয়াতুল কুরসি খোদাই করা ভোপালের রাজপরিবারের ঐতিহাসিক পান্নার গয়না পরায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে আইনি নোটিস পাঠানো হয়েছে। সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ এবং মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে তাকে এ নোটিস দেওয়া হয়। 

দীপাবলি উপলক্ষে বিশেষ সাজে হাজির হয়েছিলেন কারিনা। এদিন ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান পরেছিলেন তিনি। এর সঙ্গে ছিল একই রঙের পাগড়ি, যাতে যুক্ত ছিল ঝলমলে একটি কলগি। পাগড়ির এই অলংকারটিরও বিশেষ ইতিহাস রয়েছে। বিয়ের দিন এটি পরেছিলেন কারিনার স্বামী সাইফ আলী খান। 

তবে কারিনার সাজে সবচেয়ে বেশি আলোচনায় আসে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। এতে পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। ঐতিহাসিক এই গয়নাটি একসময় ভোপালের বেগমের ছিল। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর এটি কারিনার কাছে আসে। 

কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গয়নাটির বিস্তারিত তুলে ধরেন। তিনি লেখেন, ‘পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়িতে কারিনা। সঙ্গে রয়েছে ভোপালের নবাবের ২০০ বছরের পুরোনো কলগি এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে আয়াতুল কুরসি খোদাই করা।’ 

রাজপরিবারের ঐতিহ্যবাহী গয়নাগুলোর বিষয়ে রিয়া আরও জানান, এগুলো সাইফের পরিবারের সূত্রে এসেছে। তার দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। এসব পারিবারিক উত্তরাধিকার সূত্রেই গয়নাগুলো কারিনার কাছে এসেছে। এদিকে কারিনাও ইনস্টাগ্রামে নিজের সাজের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্‌যাপন করা।’