ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তিকে চড়-থাপ্পড় মারার ঘটনায় চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিনকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় মারধরের শিকার ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন শ্রমিক লীগের কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (১০ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় নগরের বাকলিয়া থানা এলাকায় একটি লন্ড্রি দোকানে এ ঘটনা ঘটে।
রাতে ঘটনার ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তানিয়া আমিন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তানিয়া আমিনের অভিযোগ, খোরশেদ আলম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে হয়রানি করে আসছিলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়। জাতীয় নারীশক্তি।’
ভিডিওতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে দাঁড়িয়ে থাকা খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারছেন তানিয়া আমিন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষও ওই ব্যক্তিকে মারধর করেন। একপর্যায়ে তানিয়াকে বলতে শোনা যায়, ‘এই ধরনের পোস্ট করার সাহস পাস কোথা থেকে? এ ধরনের পোস্ট তুই করবি কেন? তারা মেয়েদের দুর্বল মনে করে। ঘরে তোর মা-বোন নেই?’ এ সময় আশপাশের লোকজন তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, তানিয়া আমিন একজন জুলাই যোদ্ধা। তাকে নিয়ে খোরশেদ আলম কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। এর প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা তার দোকানে যান এবং তাকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন। পরে পুলিশ খোরশেদ আলমকে নিয়ে যায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এনসিপি নেত্রী তানিয়া আমিনকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে খোরশেদ আলমকে আটক করে থানায় আনা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।