বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধের নিশ্চয়তা দিতে ব্যাংকের প্রতিশ্রুতি প্রদানের ক্ষেত্রে শর্ত স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম নেই, এমন বিদেশি প্রতিষ্ঠানের এজেন্টদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে। তবে যেসব প্রতিষ্ঠানের দেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে, তাদের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিতে হবে বাংলাদেশি মুদ্রায়।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ বিষয়ে একটি স্পষ্টীকরণ জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর জারি করা এফইপিডি সার্কুলার নম্বর ৩২-এর পার্ট-এ-এর ৮(৫) অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির কাছে পরিশোধযোগ্য উদ্বৃত্ত আয়ের বিপরীতে তাদের এজেন্টদের পক্ষে ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ডবাই ঋণপত্র (এলসি) অথবা অন্য কোনো উপায়ে পরিশোধের নিশ্চয়তা দেওয়ার অনুমতি রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ১৮-বি ধারার বিধান অনুযায়ী, বাংলাদেশে কোনো ব্যবসায়িক কার্যক্রম নেই—এমন বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করা গ্রাহকেরাই কেবল এ সুবিধা পাবেন।
অন্যদিকে, যেসব বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে, সেসব প্রতিষ্ঠানের স্থানীয় কার্যক্রমের বিপরীতে পরিশোধের নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশি মুদ্রায়। এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।