এবার অস্কার দৌড়ে ‘রামায়ণ’

অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় মুক্তি পেয়েছে 'রামায়ণ' পার্ট ১। আর তারপরই বক্স অফিসে ঝড়। কেবল বিপুল আয় নয়, মুক্তি পেতে না পেতেই আরও এক নজির গড়ে ফেলল এই ছবিটি। ৯৯ তম একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের দৌড়ে সামিল হলো রণবীর কাপুর এবং সাই পল্লবীর ‘রামায়ণ’।  

ছবির নির্মাতাদের পক্ষ থেকে অস্কার কমিটির কাছে বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে ছবিটি। তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল 'রামায়ণ' কিন্তু এই বছরের ভারতের অফিসিয়াল এন্ট্রি নয় অস্কারে।  ভারতের তরফে এবার অস্কারে অফিসিয়ালি পাঠানো হয়েছে মারাঠি ছবি 'গোন্ধাল'। এটিকে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানো হয়েছে। তবে ভারতের তরফে অফিসিয়ালি 'রামায়ণ' -কে পাঠানো না হলেও, এই ছবির নির্মাতারা যে সেটিকে আলাদা ভাবে জমা দিতে পারবেন না সেটা নয়। 

একাডেমির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলেই, মনোনয়ন জমা দেওয়া যাবে। মূল বিভাগে এন্ট্রি পাওয়ার জন্য আমেরিকার কোনও শহরে ছবিটিকে পরপর টানা ৭ দিন চলতে হবে। কোন কোন শহর রয়েছে এই তালিকায়? লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, স্যান ফ্রান্সিসকো, শিকাগো, ডালাস ফোর্ট ওয়ার্থ এবং অ্যাটলান্টা। এই শহরগুলোর একটিতে ছবি যদি টানা ৭ দিন চলে, তাহলে ডিস্ট্রিবিউটর বা নির্মাতারা এন্ট্রি ফর্ম পূরণ করে মনোয়ন জমা দিতে পারেন। 

প্রসঙ্গত, ৫ নভেম্বর, দীপাবলির সময় মুক্তি পেয়েছে 'রামায়ণ' পার্ট ১। নীতীশ তিওয়ারি পরিচালিত, নমিত মালহোত্রা প্রযোজিত ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, সাই পল্লবী, রবি দুবে, সানি দেওল, রকুলপ্রীত সিং, কাজল আগরওয়াল, প্রমুখ। মুক্তি পাওয়ার পর এখনও এক সপ্তাহ কাটেনি, এর মধ্যেই এই ছবিটি বক্স অফিসে ৮০০ কোটি টাকার উপর আয় করে ফেলেছে।