১০০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতাল হচ্ছে ‘চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল’

চট্টগ্রাম নগরীর সিআরবিতে অবস্থিত ঐতিহ্যবাহী রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এনে ১০০ শয্যার একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকার মিন্টো রোডে অবস্থিত স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের এক একান্ত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

বুধবার(১১ নভেম্বর) রাতে চসিক প্রশাসকের মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগিয়ে আধুনিক চিকিৎসা সুবিধার সম্প্রসারণ, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালটি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হলে নগরীর সাধারণ ও নিম্ন আয়ের মানুষ অতি সহজেই উন্নত সরকারি চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

এর পাশাপাশি বৈঠকে শিল্পাঞ্চলের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং মহাসড়কের নিরাপত্তা বিবেচনায় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোচনায় আসে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত জরুরি চিকিৎসা নিশ্চিত করতে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একটি ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকার শিল্পকারখানার শ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতালসহ মোট ছয়টি নতুন হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা বৈঠকে তুলে ধরা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়, যার আওতায় রেলওয়ে হাসপাতালটি সর্বসাধারণের চিকিৎসাসেবার জন্য উন্মুক্ত করে ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম’ নাম দেওয়া হয়েছিল। বর্তমানে হাসপাতালটিতে মোট চিকিৎসক আছেন ২৮ জন। এদের মধ্যে রেলওয়ের নিজস্ব চিকিৎসক ৪ জন। বাকি ২৪ জন স্বাস্থ্য বিভাগের। এরমধ্যে ৯ জন কনসালটেন্ট ও ১৫ জন মেডিকেল অফিসার। এর বাহিরে আরও ২ জন চিকিৎসক সপ্তাহে দুইদিন করে আসেন। নার্স রয়েছেন ৯ জন। এদের মধ্যে ৫ জনই স্বাস্থ্য বিভাগের।