শান্তির বার্তা ছড়াতে শিশুদের নিয়ে কালারস ফর পিসের আর্ট ওয়ার্কশপ

শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে শান্তি, বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আর্ট ওয়ার্কশপের আয়োজন করেছে ‘কালারস ফর পিস বাংলাদেশ'। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় ইতালির দূতাবাসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পটভূমির ৫০ জন শিশু অংশ নেয়। তাদের মধ্যে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুরাও ছিল। 'শান্তি বলতে তুমি কী বোঝো’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় শিশুরা ছবি আঁকার মাধ্যমে নিজেদের ভাবনা ও কল্পনায় শান্তির বার্তা তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, দূতাবাসের উপপ্রধান ফেদেরিকো জামপারেল্লি, কালারস ফর পিসের প্রতিষ্ঠাতা ও সভাপতি আন্তোনিও জান্নেল্লি, দক্ষিণ এশিয়া প্রকল্পের পেডাগজিক্যাল কো-অর্ডিনেশনের প্রধান আদ্রিয়ানা গ্রিসপো, নেপালে সংগঠনটির অ্যাম্বাসাডর অজয় দেশার এবং বাংলাদেশে সংগঠনটির অ্যাম্বাসাডর তানজিমা তাবাচ্ছুম এশা। সঞ্চালনা করেন স্ট্রিট চিলড্রেন এক্টিভিস্টস নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মো. মনিরুজ্জামান।