তবু আইপিএল নিলামে মোস্তাফিজ

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের নানা টানাপড়েন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে শেষ মুহূর্তে বাদ পড়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট বিতর্ক এতকিছুর পরও এবার আইপিএলের নিলামে থাকছেন মোস্তাফিজুর রহমান। আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের বাঁহাতি এ পেসার। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় হবে এ নিলাম অনুষ্ঠান।

গত মৌসুমে নিলামের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনার পর শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। ঘটনাটি শুধু মোস্তাফিজের আইপিএল খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি করেনি, প্রভাব ফেলেছিল দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। এর জেরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা নিয়ে নিয়ে আপত্তি তোলে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়। শেষ পর্যন্ত বিশ্বকাপেই অংশ নেয়নি বাংলাদেশ দল।

এমন পরিস্থিতিতে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়। বিসিবি সূত্রে জানা গেছে, মোস্তাফিজের পাশাপাশি আসন্ন নিলামের জন্য নাম জমা দিয়েছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার। তালিকায় রয়েছেন পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এ ছাড়া ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ও নিজের নাম নিবন্ধন করেছেন।