হাসানদের নিয়ে সতর্ক প্রোটিয়ারা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সতর্ক অবস্থানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বিশেষ করে লাল-সবুজের পেস আক্রমণকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা। নিজেদের চেনা কন্ডিশনে খেলা হলেও সফরকারী দলকে কোনোভাবেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখতে চান না তিনি। বরং তাসকিন আহমেদ, হাসান মাহমুদ শরিফুল ইসলামদের সামর্থ্যরে কথা মাথায় রেখে ব্যাটিং প্রস্তুতিতে বিন্দুমাত্র ঘাটতি রাখতে নারাজ প্রোটিয়া অধিনায়ক।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে। পেসারদের জন্য সহায়ক হিসেবে পরিচিত এই দুই ভেন্যুতে বাংলাদেশের বোলিং শক্তি যে স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, তা ভালোভাবেই উপলব্ধি করছেন বাভুমা। বাংলাদেশের পেস আক্রমণে নাহিদ রানা না থাকলেও সতর্ক তিনি, ‘আমরা যে ভেন্যু দুটিতে বাংলাদেশের বিপক্ষে খেলব, তা ফাস্ট বোলারদের জন্য সহায়ক। আর ফাস্ট বোলিংয়ের প্রাচুর্য বাংলাদেশের আছে। তাই ব্যাটিংয়ে আমাদের সব কাজ ঠিকভাবে করতে হবে। একই সঙ্গে ভালো প্রস্তুতি নিতে হবে। আর মানসিকভাবে কোনো কিছুই হালকাভাবে নেওয়া যাবে না।’

পেস বোলিংয়ে পিছিয়ে থাকলেও এখন প্রতিপক্ষের ব্যাটারদের চাপে ফেলার মতো একাধিক অস্ত্র রয়েছে বাংলাদেশের হাতে। নিজেদের কন্ডিশনে সেই শক্তির পরীক্ষা দিতে হবে প্রোটিয়া ব্যাটসম্যানদের। তাই মাঠের লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ও মানসিক দৃঢ়তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে স্বাগতিক দল। এজন্য বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই বলেও মনে করেন বাভুমা, ‘ক্রিকেট দুনিয়ায় এখন সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে চাপে ফেলতে পারে। আপনার পরিকল্পনা ভেস্তে দিতে পারে। বাংলাদেশের বিপক্ষে নামার আগে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। আমরা অবশ্যই ওদের হালকাভাবে নেব।’

গত বছর বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে সেই সিরিজে খেলতে পারেননি বাভুমা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে ওই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তিনি। বাংলাদেশের কন্ডিশনে পাওয়া জয় প্রোটিয়াদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দলের কয়েকজন অনভিজ্ঞ ক্রিকেটারের সামর্থ্য প্রমাণের সুযোগ করে দিয়েছিল বলেও মনে করেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

এদিকে দুই টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। শুরুতে টেস্ট দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের মধ্যে মঙ্গলবার প্রথম বহরে ১৭ জন জোহানেসবার্গের উদ্দেশে যাত্রা করেন। দ্বিতীয় বহরে থাকা তাওহীদ হৃদয়, জাকের আলীসহ অন্যদের আজ সকালে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। প্রথম বহরে যাওয়া ক্রিকেটাররা আজই ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। স্থানীয় সময় দুপুর ২টায় প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা রয়েছে। এরপর শুক্রবার সকাল সাড়ে ৯টা এবং শনিবার দুপুর ২টায় আরও দুটি অনুশীলন পর্বে অংশ নেবে দল।

প্রস্তুতি পর্ব শেষে রবিবার প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো টেস্ট জয়ের স্বাদ পায়নি টাইগাররা। তবে সাম্প্রতিক সময়ে পেস বোলিংয়ে উন্নতি এবং অস্ট্রেলিয়ার ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতা দলকে নতুন আত্মবিশ্বাস জোগাচ্ছে।