শ্রীলঙ্কার জালে হালি

বাংলাদেশের হয়ে আগেও খেলেছেন হামজা চৌধুরী। তাহলে অভিষেক হলো কীভাবে। হ্যাঁ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার অভিষেক হলো লন্ডন প্রবাসী এ ফুটবলারের। আরেকটি অভিষেক হলো লাল-সবুজের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে। গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে প্রথমবার অধিনায়কত্বের আর্মব্যান্ড হাতে পরে মাঠে নেমেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ডে খেলা এ ফুটবলার। অধিনায়ক হয়ে মাঠে নেমে স্মরণীয় অভিষেক ঘটল হামজার। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে চলে গেল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ৪ গেল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিব হোসেন। শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়ে ভুটানকে নিয়েই শেষ চারে গেল বাংলাদেশ।

বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী এখন কেবল একজন তারকা খেলোয়াড় নন, ভক্তদের আবেগেরও নাম। তাকে একনজর দেখা কিংবা একটু কাছে পাওয়ার সুযোগ পেলেই সমর্থকদের উচ্ছ্বাসের সীমা থাকে না। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে দেখা গেল সেই উন্মাদনারই এক দৃশ্য। ম্যাচ শুরুর আগে এক দর্শক নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে দৌড়ে মাঠে ঢুকে পড়েন। তার লক্ষ্য ছিল বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীর কাছে পৌঁছানো। নিরাপত্তাকর্মীরা তাকে থামানোর চেষ্টা করলেও তাদের বাধা উপেক্ষা করে হামজার কাছে চলে যান ওই দর্শক। এরপর তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এবং একপর্যায়ে হামজার পা ছুঁয়ে সালাম করেন। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় মাঠে তৈরি হয় বাড়তি উত্তেজনা। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন নিরাপত্তাকর্মীরা। তবে ঘটনাটি আবারও সামনে এনেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজার জনপ্রিয়তা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার প্রতি দর্শকদের ভালোবাসাও এখন আলোচনার বিষয়।

ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কাকে চাপে রাখে হামজা, শমিত সোম, ফারহান আলীদের পেয়ে উজ্জীবিত স্বাগতিকরা। পঞ্চম মিনিটে বক্সের বাইরে রাকিব হোসেনকে ফাউল করে বসেন লঙ্কান ডিফেন্ডার। ফ্রিকিক থেকে হামজার নেওয়া বাঁকানো শটটি অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।

ম্যাচের ৮ মিনিটে ডান দিক থেকে হামজার বাড়ানো ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে প্রথম শটেই গোল করতে পারেননি শমিত সোম। তবে দ্বিতীয় চেষ্টায় আর ভুল করেননি কানাডাপ্রবাসী এ মিডফিল্ডার (১-০) । জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল। গোল পাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ২৫ মিনিটে হামজার এক অসাধারণ প্রচেষ্টায় ব্যবধান বাড়াতে পারত। ফারহান আলী ওয়াহিদের লং বল থেকে রাকিব হোসেন হেডে বল বাড়ান। বক্সের মধ্যে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ব্যাকহিল ফ্লিকে জালে পাঠানোর চেষ্টা করেন হামজা। তবে তার শটটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

প্রথমার্ধের শেষ দিকে অবশ্য আর সুযোগ হাতছাড়া করেননি বাংলাদেশ অধিনায়ক। ৪৪ মিনিটে বাঁপ্রান্ত দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার রক্ষণে ঢুকে পড়েন হামজা। ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শট নেন তিনি। গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে বল চলে যায় জালে। অধিনায়কের এমন গোলে গ্যালারিতে তখন উচ্ছ্বাসের ঢেউ। সেই ঢেউয়ের স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

হামজা ছিলেন প্রথম গোলের জোগানদাতা। দ্বিতীয় গোল নিজেই করেন। ইব্রাহিমের বাড়ানো বলে হামজা দারুণ দক্ষতায় বক্সে নিয়ন্ত্রণ নেন। এক ডিফেন্ডারকে কাটিয়ে আরও সামনে আগান। লঙ্কান গোলরক্ষক পেরেরা সামনে এলেও বল রুখতে পারেননি। হামজা তার পাশ দিয়ে জোরালো শটে বল জালে পাঠান (২-০)। বাংলাদেশের জার্সিতে হামজার এটি পঞ্চম গোল। তিনি এর আগেও গোল পেতে পারতেন। বক্সের মধ্যে দারুণ দক্ষতায় কাটিয়ে ব্যাকহিল করেন। পোস্টের একটু ওপর দিয়ে বল বাইরে যায়। ডিফেন্ডার জিদান ইউসুফ এ ম্যাচে দারুণ দক্ষতার প্রমাণ দিয়েছেন। কিন্তু শ্রীলঙ্কার ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায় দ্বিতীয়ার্ধে ফারহান আলী ওয়াহিদের আরেকটি গোলে। অসাধারণ গোল করেছেন তিনি। ৫৫ মিনিটে ফারহান বাঁপ্রান্ত থেকে বল নিয়ে লঙ্কান বক্সে প্রবেশ করেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে মাঝখান দিয়ে তিনি বের হয়ে যান। এরপর আরও দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে তিনি আবার এগিয়ে যান। দারুণ দক্ষতায় কোনাকুনি শটে বল জালে জড়ান (৩-০) । ম্যাজিক্যাল গোলে পুরো স্টেডিয়াম মুগ্ধ হয়েছে।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন রাকিব হোসেন। ৮৭ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন এ ফরোয়ার্ড (৪-০)। এর আগেই খেলোয়াড় পরিবর্তনের সুযোগ নেন কোচ টমাস ডুলি। মাঠ ছাড়েন কয়েকজন নিয়মিত খেলোয়াড়, সুযোগ পান শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও জামাল ভূঁইয়া।