চট্টগ্রাম আরআরএফ এসপি জাহাংগীর নজরদারিতে, ফোন জব্দ

চট্টগ্রামে মোহাম্মদ জাহাংগীর আলম নামে পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এমনকি তার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। 

নজরদারিতে থাকা এসপি জাহাংগীর ২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। 

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী গণমাধ্যমকে বুধবার রাতে বলেন, ‘জাহাংগীর আলমের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্তের স্বার্থে তার দুটি মোবাইল জব্দ করা হয়েছে।’ 

তবে এসপি জাহাংগীরের বিরুদ্ধে কী সেই অভিযোগ তা জানাতে অস্বীকৃতি জানান ডিআইজি।