১২ নভেম্বর থেকে শুরু পাবনা-ঢাকা ট্রেনের অনলাইন টিকিট বিক্রি 

পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেস ট্রেনের অনলাইন টিকিট পাওয়া যাবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে। এদিন তিন দিনের যাত্রার টিকিট পাওয়া যাবে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে রেলপথ মন্ত্রণালযের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাবে। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যথারীতি যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

আগামী ১৯ নভেম্বর উদ্বোধন হবে পাবনা-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেস ট্রেনের। এদিন বিকেল সাড়ে ৪টায় পাবনা থেকে পাবনা উদ্বোধনী এক্সপ্রেস নামে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি।

উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে অফলাইনে (কম্পিউটারাইজড টিকেট) সংগ্রহ করতে হবে। এদিন ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রা বিরতি করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরদিন ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং পাবনা প্রভাতি এক্সপ্রেস পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় ছেড়ে যাবে।

ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলে (২০ নভেম্বর থেকে) ট্রেনটি মধ্যবর্তী ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মসনুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।