এএসআইকে ছাত্রলীগ নেতার হুমকি, কল রেকর্ড ভাইরাল!

বরগুনার আমতলীতে দায়িত্ব পালনের সময় পুলিশের এক উপপরিদর্শককে (এএসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতার সঙ্গে এএসআই আসাদের কথোপকথনের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আমতলী থানায় দায়িত্ব পালনকালে এসআই আসাদের সঙ্গে মুঠোফোনে এ কথোপকথন হয় বলে জানা গেছে। এরপর রাত ১২টার পর কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত ইশফাক আহমেদ ত্বোহা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

ভাইরাল হওয়া কল রেকর্ডে শোনা গেছে, ফোনের অপর প্রান্তে থাকা এএসআই আসাদকে নিজের পরিচয় দিয়ে ইশফাক আহমেদ ত্বোহা বলেন, তার এক বন্ধুকে ওসি গ্রেপ্তার করেছেন, ভালো কথা। কিন্তু রবিউল নামের এক ছোট ভাই থানায় ওই ব্যক্তিকে দেখতে যাওয়ায় তাকে কেন থানায় ডেকে বসিয়ে রাখা হয়েছে? এ সময় তিনি এএসআই আসাদকে উদ্দেশ করে হুমকিমূলক ও অশালীন ভাষা ব্যবহার করেন। এমনকি আমতলী শহরে আগুন লাগিয়ে দেওয়ার মতো তাকে হুমকিও দিতে শোনা যায়। এসময় এসআই আসাদকে প্রতি উত্তরে বলতে শোনা যায়, রবিউলের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন জানান, ঘটনাটি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হুমকিদাতা ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।