‘দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি’

দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে তিন কোটি এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এর মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। এ ছাড়া দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা মানুষের মধ্যেও অন্তত দুই কোটি মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা দুই দিন কাজ করতে না পারলেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকাশিত শ্বেতপত্রেও এ পরিস্থিতির চিত্র উঠে এসেছে।

তিনি বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটেনি। এর অন্যতম কারণ, সমাজের সবচেয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষকে অর্থনীতি ও সমাজের মূলধারায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

যুব বেকারত্বের চিত্র তুলে ধরে দেবপ্রিয় বলেন, দেশে এখনো প্রতি চারজন যুবকের একজন বেকার। শিক্ষিত যুবকদের ক্ষেত্রে এ হার প্রতি তিনজনে একজন। অন্যদিকে, দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছানো একটি বড় অর্জন। তবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যুর হার বেশি। তাদের মধ্যে স্কুল থেকে ঝরে পড়ার প্রবণতা এবং শিশুশ্রমও রয়েছে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পরিচ্ছন্নতাকর্মী, শারীরিক প্রতিবন্ধী, উত্তরবঙ্গের মরুকরণপ্রবণ এলাকার বাসিন্দা এবং উপকূলীয় জনগোষ্ঠীসহ বিভিন্ন অবহেলিত অংশ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। দেশের সামগ্রিক উন্নতি হলেও এসব জনগোষ্ঠীর কাছে উন্নয়নের সুফল সমানভাবে পৌঁছায়নি।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত মানুষ অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকার হন বেশি। প্রশাসন, রাজনৈতিক কাঠামো এমনকি নাগরিক সমাজ থেকেও অনেক সময় তারা যথাযথ মর্যাদা ও ন্যায্যতা পান না।

সমাজের অগ্রসর অংশ পিছিয়ে পড়া মানুষের অধিকারের পক্ষে কথা না বললে একসময় তাদের নিজেদের অর্জনও ঝুঁকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি। এতে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।

দেবপ্রিয় বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধু নাগরিক সমাজ বা বেসরকারি উদ্যোক্তাদের নয়, জনপ্রতিনিধিদেরও এ দায়িত্ব নিতে হবে। যাদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, সেই জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় তাঁদের সরাসরি ভূমিকা রাখা প্রয়োজন।