গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলেও নিজে থেকেই অবরোধস্থল থেকে সরে দাঁড়িয়েছেন শ্রমিকরা। এতে করে প্রায় দেড় ঘণ্টা পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ১০টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়৷
সকাল সাড়ে ৮টার থেকে উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে ৭ থেকে ১০টি কারখানা কারখানা ছুটি দেওয়া হলে কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়ক অবস্থান নেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানচলাচল বন্ধ হয়ে যায়৷ পরে সকাল ১০ টার পরে নিজে থেকেই শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়েছেন। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। ওই এলাকার সাত কারখানা ছুটি দেওয়া হয়েছে।