‘নেইমার-মেসি-ইয়ামাল নয়, নিজের পরিচয়েই বড় হোক ফারহান’ 

শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের সাফের ম্যাচে ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের করা দুর্দান্ত একক গোলটি নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বক্সের সামান্য বাইরে থেকে বল পেয়ে লঙ্কান রক্ষণভাগের তিনজনকে কাটিয়ে তাঁর সেই চোখ জুড়ানো গোলটি দেখে অনেকেই তাঁকে লিওনেল মেসি বা লামিনে ইয়ামালের মতো বিশ্বতারকাদের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।

তবে আজ সকালে দলের অনুশীলনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এই অতি-তুলনা থেকে তরুণ ফরোয়ার্ডকে দূরে রাখার পক্ষে জোরালো মত দিয়েছেন জামাল ভূঁইয়া। তিনি চান ফারহান নিজের পরিচয়ে বড় হোক। 

ফারহানের সেই গোলটিকে জাতীয় স্টেডিয়ামের ইতিহাসের অন্যতম সেরা হিসেবে উল্লেখ করে জামাল বলেন, ‘প্রোবাবলি ন্যাশনাল স্টেডিয়ামের সেরা গোলগুলোর একটা যেটা আমি দেখছি। আমার মতে হামজার বাইসাইকেল আর ফারহান যে গোল করছে গতকাল, ওইটা আমার মতে সেরা তিন গুলোর একটা অবশ্যই।’ 

তরুণ এই ফরোয়ার্ডকে নিয়ে মানুষের উন্মাদনা এবং অন্য বড় তারকাদের সঙ্গে তুলনা প্রসঙ্গে নিজের ভাবনা পরিষ্কার করে জামাল আরও যোগ করেন, ‘আপনারা নিজে বলতেছে নেইমার, মেসি, লামিন ইয়ামাল। আসলে আমি চাই ফারহান ওর নিজের প্রোফাইল বড় করুক। ওর অন্য প্লেয়ারের সাথে তুলনা করতে হবে না। কারণ যারা বাংলাদেশের ফ্যান আছে ওরা সবাই বলে ‘আমাদের মেসি’, ‘আমাদের লামিন ইয়ামাল’। কিন্তু আমি চাই সে নিজের পরিচয়ে বড় হোক। এটা ফারহান আলীর গোল, এটা অন্য প্লেয়ারের গোল না।’

দেশের মাটিতে এটি ফারহানের প্রথম গোল। অবশ্য জাতীয় দলের জার্সিতে এটি প্রথম না। ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি।