মনপুরায় যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভোলার মনপুরায় উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

এছাড়া উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার এবং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজারেও পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) মাগরিবের নামাজের পর হাজিরহাট বাজারে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের বিতাড়িত করেছে। কিন্তু সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশব্যাপী ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, এসব কর্মকাণ্ড প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা মাঠে থেকে প্রতিরোধ গড়ে তুলবেন।

উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, যুবদল নেতা বাবুল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবিরসহ অন্য নেতারা।