মুন্সীগঞ্জে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, ৫ গুলিবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জ সদরের ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় গোলগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এতে পাঁচ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরাঞ্চলের নোয়াদ্দা গ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। যা পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত পর্যন্ত ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে ছিড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধরা হলেন দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেনকে (৪৮)।  তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গুলিবিদ্ধ দিদার ঢালী জানান, বুধবার রাতে নোয়াদ্দা এলাকার একটি ড্রেজারের পাশে কথা বলছিলেন তারা কয়েকজন। এসময় আওলাদ মোল্লার লোকজন অর্তকিতে সেখানে হামলা চালিয়ে তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে তিনিসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। এর জের ধরে ইউনিয়নের অন্যান্য গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে। এতে অন্তত আরও পাঁচজন আহত হন।

সংঘর্ষের বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লার ব্যবহৃত মোবাইল ফোন বার বার কল করা হলে তিনি কল রিসিভ করেননি।

একইভাবে বিএনপি কর্মী রহিম মোল্লার হোয়াটসআপে নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এসময় পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে বলে জানান তিনি।