পাকিস্তানে পুলিশ-তালেবান সংঘর্ষে নিহত ২৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ দলের ওপর হামলার ঘটনায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পাল্টা অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ। খবর ডন। 

বুধবার (১১ নভেম্বর) অবৈধভাবে স্বর্ণ উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর এ হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযানটি পরিচালনা করছিল পুলিশ।

খাইবার পাখতুনখোয়া পুলিশের জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, কোহাট শহরের কাছে দারাবুকাচ এলাকায় অভিযান শেষ করে ফেরার সময় অপরাধী চক্রের ইন্ধনে ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী পুলিশ দলের ওপর হামলা চালায়। 

বিবৃতিতে বলা হয়, হামলাকারীদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেন পুলিশ সদস্যরা। এতে ১৮ জন হামলাকারী নিহত হয়। তবে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য প্রাণ হারান।

পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে অভিহিত করে থাকে।

খাইবার পাখতুনখোয়া পুলিশের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হায়দার জামানের নামও রয়েছে।

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, বিদেশি শক্তির মদদপুষ্ট অপরাধী চক্র এবং ফিতনা আল খাওয়ারিজের মধ্যে যোগসাজশ রয়েছে। পুলিশ দলের ওপর তাদের যৌথ হামলা এ দুই পক্ষের সুসংগঠিত যোগাযোগের প্রমাণ।

বিবৃতিতে বলা হয়, এ ঘটনা আবারও প্রমাণ করেছে, ফিতনা আল খাওয়ারিজের সঙ্গে ইসলাম ও পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে তারা অপরাধী চক্রের সঙ্গে একযোগে কাজ করছে।

বিদেশি মদদপুষ্ট অপরাধী চক্র এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে পুলিশ। তাদের সহযোগী ও অপরাধী চক্রের সদস্যদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। পাশাপাশি জেলায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

নিহত পুলিশ সদস্যরা খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকার, বিশেষ করে কোহাটের বাসিন্দা ছিলেন। তাঁদের আত্মত্যাগ চিরদিন স্মরণ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র জাওয়াদ আফ্রিদি এক ভিডিও বার্তায় জানান, পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় আহত ১২ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে।