বাঁশখালীর প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামের আনোয়ারার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী হয়ে কক্সবাজারের চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের উদ্যোগ বাস্তবায়নের পথে। ইতোমধ্যে বাঁশখালী অংশে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগের দূরত্ব কমার পাশাপাশি দীর্ঘদিনের চলাচলের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।

প্রকল্প অনুযায়ী, মহাসড়কটি ৩৪ ফুট প্রশস্ত করা হবে। তবে কিছু এলাকায় ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সড়কের দুই পাশে তিন ফুট করে মোট ছয় ফুট জায়গা ফুটপাত বা সাধারণ মানুষের চলাচলের জন্য রাখা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা।

এ মহাসড়ক প্রশস্তকরণে বাঁশখালী অংশে ৩০ দশমিক ৪০ হেক্টর বা প্রায় ১৯৫ কানি জমি অধিগ্রহণ করা হবে। সড়কের পাশে থাকা স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, দোকানপাট ও বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনার তালিকা তৈরির কাজ চলছে। আনোয়ারা, পেকুয়া ও চকরিয়া অংশে ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হলেও বাঁশখালী অংশে তা বর্তমানে চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনোয়ারার কালাবিবির দিঘি থেকে তৈলারদ্বীপ সেতু পর্যন্ত এবং পেকুয়া থেকে চকরিয়ার ঈদমনি পর্যন্ত সড়কের কাজের দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে বাঁশখালী অংশে জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে। ৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়ক প্রশস্ত ও উন্নীতকরণের জন্য দোহাজারী সড়ক বিভাগ থেকে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক ও জনপথ অধিদপ্তরে গৃহীত হয়েছে।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, টানেলকে বহুমুখী ব্যবহারের উপযোগী করা এবং বিদ্যমান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ কমানোর লক্ষ্যেই আনোয়ারা থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া ও বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যাতায়াতের দূরত্ব কমবে, অন্যদিকে অর্থনৈতিক সাশ্রয় হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আলম বলেন, আনোয়ারার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া ও বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, প্রধান সড়ক সম্প্রসারণের কাজটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। তিনটি প্যাকেজে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। কাজের এলাইনমেন্ট নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হবে। জমি অধিগ্রহণের প্রয়োজনীয় কার্যক্রম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার মাধ্যমে সম্পন্ন করা হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে বিকল্প সড়ক যোগাযোগে এটি মাইলফলক হয়ে থাকবে। বাঁশখালী হয়ে কক্সবাজারের দূরত্ব কমার পাশাপাশি এ সড়কে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এতে সর্বস্তরের মানুষ উন্নত যোগাযোগব্যবস্থার সুবিধা পাবেন।

বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দিয়েই ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, যত দ্রুত প্রকল্পের কাজ শেষ হবে, জনগণ তত বেশি উপকৃত হবেন।