রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
পরিদর্শনকালে শিক্ষা সচিব প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, অফিস কক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি, নাটক ও ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে সিনিয়র সচিব বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে গান, কবিতা আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার আহ্বান জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সিনিয়র সচিব।