সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সচিবালয়ে (১২ নভেম্বর) দুপুরে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (অনাব) এর সাথে মতবিনিময় শেষে এ আহ্বান জানান তিনি।
এ সময়, অপতথ্য ও অপপ্রচার রোধে ফেসবুক পেজ ও অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান অনলাইন গণমাধ্যম মালিকরা। এজন্য প্রয়োজনে নীতিমালা করার তাগিদও দেন তারা।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, শিগগিরই কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। সরকার যাই করুক না কেন দেশের স্বার্থেই করবে বলেও জানান ইয়াসের খান চৌধুরী।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল, কন্টেন্ট ক্রিয়েটরসহ সার্বিকভাবে অনলাইনে নীতিমালা করার পরিকল্পনা রয়েছে সরকারের।’ এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোতে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে যোগ্যতা অনুযায়ী লোকবল-সাংবাদিক নিয়োগের আহ্বানও জানান।
এর আগে আলোচনায় সংগঠনটির নেতারা, নিবন্ধিত ও সচল অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন।