চট্টগ্রামে ১৯ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

চট্টগ্রামে মো. সোবহান নামের ১৯ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। নগরের বাকলিয়া তক্তারপুল এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত মো. সোবহান (৩০) সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুরের ভাষ্য, গত বছর ২৫ জুলাই তক্তারপুল এলাকা থেকে মহিউদ্দিন নামের এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ৯ আগস্ট সোবহানকে গ্রেপ্তার করে পুলিশ। মহিউদ্দিনকে হত্যার জন্য সোবহান ভাড়াটে খুনি ঠিক করে তাদের পিস্তল দিয়ে সাহায্য করেন। মূলত মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানান তিনি। 

পুলিশ জানায়, রাতে নিজ বাড়ির সামনে সোবহানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।