চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আবদুল্লাহ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ ওই এলাকার মো. সোহেল ও জুলি আক্তার দম্পতির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে তেঁতুল গাছে তেঁতুল পাড়তে উঠে আবদুল্লাহ। গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বৈলতলীর একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।