পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ মাদ্রাসাছাত্র নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক ছাত্র।

নিহতরা হলেন বোদা উপজেলার ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)।  আহত রাব্বি (১৬) সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে। তারা সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র।

বোদা উপজেলার থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার সাহাপাড়া এলাকায় প্রাইভেট পড়ে মোটরসাইকেলের বাসায় ফির ছিলেন তিন মাদরাসা ছাত্র। এসময় তারা ইউনিয়নের সাহাপাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা সড়কের ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরের স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।

মরদেহের সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।