চাকরির খোঁজে চট্টগ্রামে এসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চাকরির খোঁজে বরিশাল থেকে চট্টগ্রাম শহরে এসেছিলেন মেহেদী হাসান (৩৫) নামে এক যুবক। পরে গতকাল বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ হারান তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক জানিয়েছেন, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত সোমবার মেহেদী হাসান চাকরির উদ্দেশে বরিশাল থেকে চট্টগ্রামে আসেন। মঙ্গলবার একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন ওই যুবক। মেহেদীর সঙ্গে মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। 

তবে তিনি কীভাবে ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি কি দুর্ঘটনার শিকার নাকি, অন্য কিছু হয়েছে খতিয়ে দেখছে পুলিশ।