খাগড়াছড়িতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে সংঘটিত এ ঘটনায় দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে কেরোসিনভর্তি তিন লিটারের একটি বোতল উদ্ধার করেছে পুলিশ। 

সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলতেই পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা হিসেবে দেখছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে যান। সেখানে পৌঁছে দেখেন, আগুন নেভানোর কাজ শেষ হয়েছে।

তিনি বলেন, আগুনে তাঁর কার্যালয়ের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে নষ্ট হয়েছে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চম্পক কান্তি চাকমা আরও জানান, পরে ইউএনও, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্য কর্মকর্তারা ভূমি কার্যালয়ের পেছনে যান। সেখানে একটি কেরোসিনের টিন ও বোতল পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলতে আগুন দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে হচ্ছে না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া জানিয়েছেন, আগুন লাগার ঘটনা ও এর পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।