সেমিফাইনালে পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল  

শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রাখার পর লাল-সবুজ শিবিরে জয়ের আনন্দ থাকলেও আত্মতুষ্টিতে ভোগার বিন্দুপরিমাণ সুযোগ দেখছেন না দলের অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া। লঙ্কানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ দলের সম্পূর্ণ মনোযোগ এখন সেমিফাইনালে, পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে। 

সেটি সামনে রেখে কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শ্রীলঙ্কার তুলনায় পাকিস্তান অনেক বেশি কঠিন ও শক্তিশালী প্রতিপক্ষ।

গ্রুপ পর্বের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জামাল বলেন, ‘আমরা চারটা গোল করছি, এটা একটা ভালো জিনিস। আর আমরা ক্লিন শিট আবার করছি, সো ওভারঅল সবাই স্যাটিসফাই, সবাই হ্যাপি। এখন ফোকাস হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে, কারণ আমার মতে শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তশালী দল।’

দুই দলের অতীত পরিসংখ্যানে ১৭ বারের দেখায় বাংলাদেশের ৭ জয়ের বিপরীতে পাকিস্তানের রয়েছে ৫টি জয়। তবে ফুটবলের বর্তমান মাঠে পুরোনো পরিসংখ্যানের চেয়ে দলের ফিটনেস ও ঠাসা সূচির চ্যালেঞ্জটাই বেশি ভাবাচ্ছে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে। 

টুর্নামেন্টের এই পর্যায়ে মাত্র দুই দিনের বিরতিতে মাঠে নামার ধকল সামলাতে পুরো স্কোয়াডের প্রতিটি সদস্যকে প্রস্তুত রাখার ওপর জোর দিয়েছেন জামাল। বিশেষ করে ডিফেন্ডার সাদ উদ্দিনের দীর্ঘমেয়াদী ইনজুরিতে রক্ষণভাগে তৈরি হওয়া শূন্যতা পূরণের তাগিদ দিয়েছেন তিনি।

জামালের চোখে হামজাই বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার

লঙ্কানদের বিপক্ষে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং পুরো দলের খেলায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হামজার অনবদ্য প্রভাব নিয়ে অকুণ্ঠ প্রশংসা ঝরেছে জামালের কণ্ঠে। দলের এই সুপারস্টারকে নিয়ে সোজাসাপ্টা ভাষায় মূল্যায়ন করে জামাল বলেন, ‘উনি ডিজার্ভ করে, উনি ভালো খেলছে। আমার মতে উনি সম্ভবত বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার। অবশ্যই তিনি সবচেয়ে বড় তারকা, দলের সবচেয়ে ভালো প্লেয়ার এবং আমি তার জন্য খুবই খুশি।’