শাপলা চত্বরের ঘটনায় হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে দুপুরে মামলার শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি ৪১ আসামির বিরুদ্ধে আনা পৃথক আনুষ্ঠানিক অভিযোগগুলো ট্রাইব্যুনালে পড়ে শোনান। পাশাপাশি মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ড এবং শেখ হাসিনার শাসনব্যবস্থা কীভাবে স্বৈরাচারী হয়ে উঠেছিল, তার বিবরণ দেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান তিনি। পরে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

অন্যদিকে, শেখ হাসিনাসহ মামলার পলাতক আসামিদের তালিকায় রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তারা।

এর আগে গত ১ নভেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে গ্রেপ্তার ১১ আসামির একজন, সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় সেদিন শুনানি হয়নি। পরে শুনানির জন্য ১২ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শুনানি শেষে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন।

গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও তাদের পাওয়া যায়নি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়। এরপর ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয় তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং বিচার শুরুর বিষয়ে এখন ট্রাইব্যুনালের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা।