অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি জানান, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। একইভাবে তিনি তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর, বিশেষ করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। একই সঙ্গে কপ৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।
এছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচির বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।