সাংবাদিকদের কল্যাণে সাড়ে ৬ কোটি টাকা অনুদান

বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। একই সময়ে ২০২৫-২৬ অর্থবছরে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ২০১৪ সালে আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে ২০১৬ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ গেজেট আকারে প্রকাশিত হয়।

তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত, কর্মহীন ও মৃত্যুবরণকারী সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে সাংবাদিকদের মৃত্যু, গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা ও আর্থিক অসচ্ছলতার ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুযায়ী কল্যাণ অনুদান দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক পরিবারের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি করোনাকালীন সংকট, জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট শহীদ সাংবাদিকদের পরিবার এবং সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদানের কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুযায়ী আবেদন যাচাই-বাছাই, প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা এবং উপযুক্ত কর্তৃপক্ষ ও ট্রাস্টি বোর্ডের অনুমোদনের মাধ্যমে অনুদান দেওয়া হয়। অনুদান বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উপকারভোগীদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ৪০২ জন শিক্ষার্থীকে মোট ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ১৯ হাজার ৩২১ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে কল্যাণ অনুদান, শিক্ষাবৃত্তি, স্টাইপেন্ড, করোনাকালীন আর্থিক সহায়তা, জুলাই শহীদ ও সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং সম্মাননাসহ সর্বমোট ৬৭ কোটি ১৪ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।