ফাইন্যান্স কোম্পানির শীর্ষ তিন পদে যোগ্যতার শর্ত নির্ধারণ

ফাইন্যান্স কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিআইটিও) ও কোম্পানি সচিব নিয়োগে ন্যূনতম যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, এসব পদে নিয়োগ পেতে সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি তাঁদের চারিত্রিক সততা, চাকরির রেকর্ড ও আর্থিক স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় অর্পিত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। 

সার্কুলারে বলা হয়েছে, ঋণ বা বিনিয়োগ স্থিতি ১ হাজার কোটি টাকার বেশি এমন ফাইন্যান্স কোম্পানিতে প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর ঋণ বা বিনিয়োগ স্থিতি ১ হাজার কোটি টাকা বা তার কম হলে সংশ্লিষ্ট খাতে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রেও হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। 

প্রধান আর্থিক কর্মকর্তাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, এমবিএম অথবা ফাইন্যান্স, হিসাববিজ্ঞান কিংবা ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), সার্টিফায়েড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) বা সমমানের পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে। পাশাপাশি আর্থিক প্রতিবেদন তৈরি, কর নির্ধারণ, ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণ, আর্থিক নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রক সংস্থায় প্রতিবেদন দাখিল, তারল্য ও মূলধন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) অনুসরণে দক্ষতা থাকতে হবে। 

প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা নিয়োগে তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্তত পাঁচ বছর। এ পদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান অথবা তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে (ইইই) ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিকল্প হিসেবে তথ্যপ্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি আইসিটিতে স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডি) থাকতে হবে। এ ছাড়া অনুমোদিত বা নিবন্ধিত কোনো কম্পিউটার সোসাইটির সদস্য কিংবা সহযোগী সদস্য হতে হবে। 

সার্কুলারে তথ্যপ্রযুক্তি কর্মকর্তার দায়িত্বের ক্ষেত্রও নির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি নীতি ও পরিকল্পনা, আর্থিক নেটওয়ার্ক ও অ্যাপ্লিকেশন, আর্থিক তথ্যব্যবস্থা, সাইবার নিরাপত্তা, পরিশোধ প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও উপাত্ত ব্যবস্থাপনা, ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা এবং ক্লাউড কম্পিউটিং ও ঝুঁকি ব্যবস্থাপনা। 

অন্যদিকে, কোম্পানি সচিব পদে নিয়োগের জন্য ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে কমপক্ষে আট বছরের কার্যকরী অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পরিচালনা পর্ষদের সচিবালয় বা পরিপালনসংক্রান্ত কাজে অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে তালিকাভুক্ত কোম্পানিতে কোম্পানি সচিব বা সমমানের পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকলেও এ পদে নিয়োগের যোগ্য হবেন। তাঁকে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি (সিএস) ডিগ্রিধারী হওয়ার পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

তিন পদের কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে চারিত্রিক সততা, চাকরির রেকর্ড ও আর্থিক সক্ষমতার শর্তও দেওয়া হয়েছে। কোনো ফৌজদারি আদালতে দণ্ডিত হওয়া, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান বা আইন লঙ্ঘনের দায়ে দণ্ডিত হওয়া কিংবা অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জালিয়াতি ও নৈতিক স্খলনের কারণে চাকরি থেকে বরখাস্ত বা শর্তযুক্ত অব্যাহতি পাওয়ার রেকর্ড থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য বিবেচিত হবেন না। একই সঙ্গে তাঁকে ঋণখেলাপি বা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়া যাবে না। সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির সঙ্গে ব্যবসায়িক স্বার্থের সম্পর্ক থাকা কিংবা অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক বা পদে অধিষ্ঠিত থাকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রধান আর্থিক কর্মকর্তা, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ও কোম্পানি সচিবকে সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে হবে। নিয়মিত বা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া গেলেও খণ্ডকালীন ভিত্তিতে কাউকে নিয়োগ দেওয়া যাবে না। কোনো পদ শূন্য হলে অন্তর্বর্তী সময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে দায়িত্ব পরিচালনা করা যাবে। তবে এ ব্যবস্থা তিন মাসের বেশি বহাল রাখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য ব্যক্তিকে নিয়োগ নিশ্চিত করতে হবে। 

এসব পদে নিয়োগ বা পদায়নের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না। তবে নিয়োগের সময় নির্ধারিত যোগ্যতা ও উপযুক্ততার শর্ত পূরণ হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির। নিয়োগের তথ্য কোম্পানির বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করতে হবে। পাশাপাশি নিয়োগ ও অব্যাহতির ক্ষেত্রে ১৩ জুন ২০২৩ তারিখের ডিএফআইএম সার্কুলার নং-০৬-এর বিধান অনুসরণ করতে হবে। 

বর্তমানে এসব পদে কর্মরত কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার ঘাটতি থাকলে তা পূরণের জন্য সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জন নিশ্চিত করতে হবে।