শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশে ঠাকুরগাঁও জেলায় সম্প্রসারিত হয়েছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি। এ কর্মসূচির আওতায় চলতি বছর সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হচ্ছে।
এর অংশ হিসেবে সম্প্রতি ঠাকুরগাঁওয়ের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো হাজী কামরুল হুদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, আর.কে. স্টেট উচ্চ বিদ্যালয়, চৌধুরী মোহাম্মদ আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় ও মথুরাপুর পাবলিক হাই স্কুল।
এ উপলক্ষে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক এবং জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ইভিপি ও প্রধান হুমায়ুন কবিরসহ অন্য অতিথিরা।
অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে দেশজুড়ে বইপড়া কর্মসূচি পরিচালনা করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এ উদ্যোগকে আরও বিস্তৃত করতে ২০১৪ সাল থেকে কর্মসূচিটির সঙ্গে যুক্ত হয়েছে বিকাশ।
আয়োজকদের তথ্যমতে, এ পর্যন্ত কর্মসূচির আওতায় সারা দেশে চার লাখের বেশি বই বিতরণ করা হয়েছে। এতে প্রায় তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছেন।