ঘিওরে অবৈধ হাসপাতাল সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানহীন ও অবৈধ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়ে এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও দুটি হাসপাতালসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস ও ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম।

অভিযানকালে আধুনিক হাসপাতালকে ৪০ হাজার টাকা, ইউনিক হাসপাতালকে ১৮ হাজার টাকা এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস জানান, অবৈধভাবে প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং ল্যাব পরিচালনায় অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবৈধ কার্যক্রম কিংবা ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।