মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের বাসায় রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পর মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। গভীর রাতে স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ফোন করেও কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে সংসদে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে দ্বিতীয় দফায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

কায়সার কামাল বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে কিংবা অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি জানান, মধ্যরাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর আইনমন্ত্রীকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

তবে দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের নজরে এসেছে বলে উল্লেখ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, এভরিওয়ান অব আস এবং যে কারণে আজ কথা বলার সুযোগ পেয়েছেন, তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাক। এরপর দেখা হবে অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।