কর্মশালায় বক্তারা

সাব-এডিটররা সংবাদপত্রের প্রাণ, আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান

সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সংবাদ পরিবেশনে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

তিনি বলেন, সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে হবে। তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মেলনকক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে বক্তারা বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। হলুদ সাংবাদিকতা শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করে না, পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাও নষ্ট করে।

তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের কারণে গুজব ও ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পেশাদার সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের যথার্থতা যাচাই এবং পেশাগত নীতি-নৈতিকতা অনুসরণ করা জরুরি।

সাব-এডিটরদের সংবাদপত্রের প্রাণ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, একটি সংবাদের শিরোনাম, ভাষা ও উপস্থাপনার ওপর এর গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করে। এ কারণে সাব-এডিটরদের আরও সতর্ক, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ হওয়ার আহ্বান জানান তারা।

‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক সেমিনারে মুখ্য আলোচক হিসেবেও বক্তব্য দেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ ও মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক এবং শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর।