১০ দিনের ব্যবধানে দুই দফা চুরি, খোয়া গেল অর্ধকোটি টাকার মালামাল 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের শশীনাড়া গ্রামে ১০ দিনের ব্যবধানে দুটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)  রাতে নিরোদ কুমার দাসের বাড়ির টিনের বেড়া কেটে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা চুরি হয়েছে। 

এর আগে গত ২ নভেম্বর রাতে একই গ্রামের ছায়াদুর রহমানের বাড়িতে চুরির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, রুপা ও মুঠোফোনসহ ৪৬ লাখ ২২ হাজার টাকার মালামাল চুরির অভিযোগে মামলা হয়েছে। দুটি ঘটনায় প্রায় ৪৮ লাখ ১৯ হাজার টাকার মালামাল খোয়া গেছে। পরপর দুটি চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী নিরোদ কুমার দাস দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন তারা। পরদিন ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরের টিনের বেড়া কাটা অবস্থায় দেখতে পান। ঘরের আলমারিতে থাকা কাপড় ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

তিনি জানান, ঘরে থাকা ৮ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন, আনুমানিক ৬ থেকে ৭ ভরি রুপা এবং নগদ ১৫ হাজার টাকা চুরি হয়েছে। চেইন দুটির আনুমানিক মূল্য ৯১ হাজার টাকা এবং রুপার অলংকারের মূল্য ৯১ হাজার টাকা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯৭ হাজার টাকা। তবে ঘরে থাকা তাদের ব্যবহৃত দুটি মুঠোফোন নেয়নি চোরেরা।

নিরোদ কুমার আরও বলেন, তার মেয়ের মুখেভাত অনুষ্ঠানে উপহার হিসেবে চেইন দুটি পেয়েছিলেন। তিনি স্থানীয় একটি বাজারে সারের দোকানে কাজ করেন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করেননি তিনি।

এর আগে গত ২ নভেম্বর রাতে একই গ্রামের ছায়াদার রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তার দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধান কাটার কাজের জন্য কয়েকজন শ্রমিককে বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে কাজ শেষে তারা চলে যান। ওই রাতেই বাড়ির টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে চোরেরা। পরে আলমারির তালা ভেঙে নগদ ১৬ লাখ ১৬ হাজার টাকা, ১৩ ভরি ৪ আনা স্বর্ণালংকার, ৮ ভরি রুপার অলংকার ও একটি মুঠোফোন চুরি করে নিয়ে যায়।

এজাহারে স্বর্ণালংকারের মধ্যে ৯টি গলার চেইন, একটি নেকলেস, এক জোড়া হাতের বালা, আটটি আংটি, দুটি মাথার টিকলি ও ছয় জোড়া কানের দুলের কথা উল্লেখ করা হয়েছে। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২৯ লাখ ৪৮ হাজার টাকা। এ ছাড়া ৮ ভরি রুপার অলংকারের মূল্য ২৪ হাজার টাকা এবং মুঠোফোনটির মূল্য ৩৪ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪৬ লাখ ২২ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সর্বশেষ চুরির ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিবালয় থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ছায়াদুর রহমানের বাড়িতে চুরির ঘটনায় দ্রুত মামলা হয়েছে। নিরোদ কুমারের বাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।