একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজনের অবসর

কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও পলায়নের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। তাদের মধ্যে ছয়জনকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর এসব শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৫ নভেম্বর রাষ্ট্রপতি শাস্তি আরোপের প্রস্তাবগুলো অনুমোদন করেন।

চাকরি থেকে বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রলয় কুমার জোয়ারদার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ১৫ আগস্টের মধ্যে পুলিশ ও নন-পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি যোগ দেননি। তার বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কর্মস্থলে ফেরেননি কিংবা কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি। তদন্তে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২৫ সালের ১৮ থেকে ২২ এপ্রিল ছুটি ভোগের জন্য ১৭ এপ্রিল কর্মস্থল ত্যাগ করেন। ২৩ এপ্রিল তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। তাকে স্থায়ী ও বর্তমান ঠিকানায় এবং ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠানো হলেও কোনো লিখিত বা মৌখিক জবাব দেননি। তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে অভিযোগ, সিআইডি রংপুরে কর্মরত থাকাকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অধীন দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে দিনাজপুরে অভিযোগ অনুসন্ধানে যান। ২০২১ সালের ২৩ আগস্ট চিরিরবন্দর থানার লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে তাদের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর দিনাজপুর কোতোয়ালি থানাধীন একটি বাড়িতে আটকে মোবাইল ফোনে টাকা দাবি করেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় চিরিরবন্দর থানা-পুলিশ তাকে সহযোগীদেরসহ আটক করে। পরে ২০২১ সালের ২৫ আগস্ট দায়ের করা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ঘটনায় ফৌজদারি অপরাধের পাশাপাশি জনমনে অসন্তোষ সৃষ্টি এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, ২-এপিবিএন, মুক্তাগাছায় কর্মরত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২০২৪ সালের ১৩ অক্টোবর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের উদ্দেশে প্রস্থান প্রতিবেদন দেন। তবে সেখানে চিকিৎসা নেননি। পরবর্তী সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা জানিয়ে চিঠি পাঠালেও প্রথম দিকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেননি। তাকে কর্মস্থলে হাজির হওয়ার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি যোগ দেননি। তার অবস্থান জানতে নীলফামারী সদর থানায় যোগাযোগ করা হলেও সঠিক তথ্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তিনি কোনো ছুটির আবেদন কিংবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাইবান্ধায় কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ১৮ সেপ্টেম্বর তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত থাকেন। তার সরকারি ও ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। কর্মস্থলে ফেরার জন্য স্থায়ী ঠিকানায় তিনটি নোটিশ পাঠানো হলেও সেগুলো তার ছোট ভাই ও স্ত্রী গ্রহণ করেন। এরপরও তিনি যোগ দেননি কিংবা কোনো প্রতিবেদন দাখিল করেননি। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জে কর্মরত থাকাকালে ২০২৫ সালের ২৯ জানুয়ারি দাপ্তরিক কাজ শেষ করে কর্মস্থলে অনুপস্থিত হন। পরদিন রাতে তিনি পুলিশ পরিদর্শক সোয়েল রানাকে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে তার অনুপস্থিতিতে দায়িত্ব বুঝে নিতে বলেন। ৩১ জানুয়ারি সকালে আবারও তাকে বার্তা দিয়ে মর্নিং রিপোর্টে অসুস্থ হিসেবে উল্লেখ করতে বলেন। পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ৩০ জানুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৬ সালে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্তির আদেশ পাওয়ার পর থেকেই তিনি প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। ২০১৭ সালের ২৯ মে থেকে কোনো ধরনের ছুটি না নিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা পালন করেননি। এ ঘটনায় ২০১৯ সালের ২৮ অক্টোবর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় অসদাচরণ ও পলায়নের অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে বরখাস্তের পরিবর্তে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসির পরামর্শের পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ শাস্তি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।