ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

৩১টি জেলায় ৯০টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৯১ হাজার টাকা জরিমানা

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯০টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ দেশের ৩১টি জেলায় অধিদপ্তরের ৪২টি দল একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর জানায়, বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি বন্ধে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন প্রতিরোধেও তদারকি করা হয়। এ ছাড়া হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান মানা হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। এ সময় প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

বাজার তদারকিতে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

এ ছাড়া ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়, যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয়।