লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধ না করা এবং নির্দেশনা প্রতিপালনে ব্যর্থতার অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোট ২৯ কোটি ২৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব কোম্পানির মধ্যে কয়েকটি নির্ধারিত সময়ে লভ্যাংশ পরিশোধ করেনি। আবার কয়েকটি কোম্পানি লভ্যাংশ বিতরণসংক্রান্ত বাধ্যতামূলক প্রতিবেদন জমা দেয়নি। কোনো কোনো কোম্পানি কমিশনের চিঠির জবাবও দেয়নি।
বিএসইসির সংশ্লিষ্ট আদেশের তথ্য অনুযায়ী, ১০টি কোম্পানির মোট ৫০ জনের বিরুদ্ধে ব্যক্তিগত দায়ে এই জরিমানা আরোপ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের সংশ্লিষ্ট ছয়জনকে। অন্যদিকে জেনেক্স ইনফোসিস পিএলসির তৎকালীন পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরিমানা করা হয়েছে সবচেয়ে কম ৮ লাখ টাকা।
কোম্পানিগুলোর অধিকাংশের বিরুদ্ধে ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ নির্ধারিত ৩০ দিনের মধ্যে পরিশোধ না করার অভিযোগ রয়েছে। বিএসইসির ২০২১ সালের ১৪ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী, নগদ লভ্যাংশ ঘোষণার ১০ দিনের মধ্যে সমপরিমাণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে সংরক্ষণ এবং বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা শেয়ারহোল্ডারদের পরিশোধ করতে হয়। এ নিয়ম লঙ্ঘনকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও বাজার কারসুপির শামিল হিসেবে উল্লেখ করেছে কমিশন। পাশাপাশি এসব কোম্পানির শেয়ার ‘জেড’ শ্রেণিতে স্থানান্তরের বিধানও রয়েছে।
কৃষিবিদ সিড লিমিটেডের চেয়ারম্যান ড. মো. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোহাম্মদ তসলিম রেজা এবং পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, অধ্যাপক ড. আবদুল হামিদ, ড. মো. শাহজাহান, মো. ইব্রাহিম খলিল ও তাসলিমা ইয়াসমিনকে প্রত্যেককে ১০ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটি ২০২২ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলেও নির্ধারিত সময়ে সম্পূর্ণ অর্থ পরিশোধ করেনি। যথাযথভাবে লভ্যাংশ বিতরণ না করেই কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগও রয়েছে।
মামুন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান নাসরিন জাহান মামুন, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ এবং পরিচালক তাসনিম তামান্না ও তাবাসসুম জান্নাত নোভাকে প্রত্যেককে ১৩ লাখ টাকা করে মোট ৫২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনের পরও তা সময়মতো পরিশোধ না করার পাশাপাশি ২০২৩ সালের ১৮ জুন কমিশনের পাঠানো চিঠির কোনো জবাব না দেওয়ার অভিযোগ রয়েছে।
বিডি পেইন্টস লিমিটেডের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মীম, ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল খান ও পরিচালক মো. মারুফুল ইসলাম তারুণকে প্রত্যেককে ৯৭ লাখ টাকা করে মোট ২ কোটি ৯১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থ হয়। কমিশনের চিঠির পরও সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়নি।
এদিকে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইসমত জাহান এবং পরিচালক মো. ফাহিম চৌধুরী ও আজমাইন মাহতাব চৌধুরীকে প্রত্যেককে ১ কোটি ৯১ লাখ টাকা করে মোট ৭ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনের পরও সব শেয়ারহোল্ডারকে নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে পারেনি কোম্পানিটি। কমিশনের ব্যাখ্যা চাওয়ার চিঠিরও জবাব দেয়নি।
অন্যদিকে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের চেয়ারম্যান আসিফ ইকবাল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া বিনতে আলম এবং পরিচালক ওয়াজহি আহমেদ, কাজী রিনা আলম, মো. তাজুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও খন্দকার সাগীর আহমেদকে প্রত্যেককে ৪ লাখ টাকা করে মোট ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করলেও নগদ লভ্যাংশের অর্থ সংরক্ষণ ও বিতরণের শর্ত পূরণ করেনি। যথাযথভাবে শর্ত প্রতিপালন না করেই কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ রয়েছে।
একইভাবে জেনেক্স ইনফোসিস পিএলসির তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস পিএলসি ও নিলুফার ইমাম, তৎকালীন কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং প্রধান আর্থিক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদকে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ৩ শতাংশ নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে সম্পূর্ণ বিতরণ এবং বিতরণ-পরবর্তী প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে।
সাফকো স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এ কে এম সালিম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ বি এম হুমায়ুন ও পরিচালক সৈয়দ সাকেব আহমেদকে প্রত্যেককে ২০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২ শতাংশ নগদ লভ্যাংশ সময়মতো পরিশোধ না করার পাশাপাশি বাধ্যতামূলক লভ্যাংশ বিতরণ প্রতিবেদন জমা দেয়নি কোম্পানিটি।
প্যাসিফিক ডেনিমস লিমিটেডের চেয়ারম্যান মো. শাদেকুর আলম ইয়াসিন, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম (মহসিন) এবং পরিচালক মো. সোহেল খান ও এম এ কামাল ভূঁইয়াকে প্রত্যেককে ১৩ লাখ টাকা করে মোট ৫২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার পর নির্ধারিত সময়ে অর্থ সংরক্ষণ ও বিতরণ করেনি।
ওরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মালিহা খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেদুল ইসলাম এবং পরিচালক এম আজহার রহমান ও নিবরাস উল্লাহ সিদ্দিকীকে প্রত্যেককে ৪৭ লাখ টাকা করে মোট ১ কোটি ৮৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১১ শতাংশ নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থ হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে বিতরণসংক্রান্ত প্রতিবেদন জমা দেয়নি কোম্পানিটি।
অন্য কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান রুবিয়া নাহার, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক মোহাম্মদ ইউসুফ এবং পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ, ড. ইসরাত জাহান, আহমেদ হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. ইমরান আজাদকে প্রত্যেককে ২ কোটি ৩৫ লাখ টাকা করে মোট ১৪ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধ করেনি। পাশাপাশি লভ্যাংশ বিতরণসংক্রান্ত কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দিতেও ব্যর্থ হয়েছে।