প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও নিম্ন আয়ের মানুষের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফায় এককভাবে ১০ লাখ এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিচালিত এ স্কিমের মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর। এতে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ১ শতাংশ সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন দেওয়া হবে। অন্যদিকে, গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণের সুদ হিসাব করা হবে ক্রমহ্রাসমান স্থিতির ভিত্তিতে।
নীতিমালা অনুযায়ী, ১০, ৫০ ও ১০০ টাকার নো-ফ্রিলস ব্যাংক হিসাবধারীরা এ স্কিমের আওতায় ঋণের জন্য আবেদন করতে পারবেন। উপকারভোগীদের তালিকায় রয়েছেন ভূমিহীন ও প্রান্তিক কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি, দর্জি, হকার, রিকশা ও ভ্যানচালক, মেকানিক, ক্ষুদ্র দোকানদার, ভাসমান বিক্রেতা, পশুপালনকারী, মৎস্যচাষি ও ফ্রিল্যান্সারসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষ।
এ ছাড়া স্মার্ট কার্ডধারী কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবাস ফেরত কর্মীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থীরাও কারিগরি প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নিতে পারবেন।
একক গ্রাহক বা ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। অন্যদিকে, দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করে সদস্যপ্রতি সর্বোচ্চ ৮ লাখ টাকা হিসেবে একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবে। নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে মোট তহবিলের অন্তত ২৫ শতাংশ ঋণ তাদের মধ্যে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ স্কিমের আওতায় ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস। এ সময়ের মধ্যে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড দেওয়া যাবে। ঋণগ্রহীতারা মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক অথবা বার্ষিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন।
জামানতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা রাখা হয়েছে। পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত নেওয়া যাবে না। তবে সর্বোচ্চ দুইজন ব্যক্তির ব্যক্তিগত গ্যারান্টি নেওয়া যাবে। পাঁচ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে যুক্তিসংগত সহায়ক জামানত গ্রহণের সুযোগ রয়েছে। খেলাপি ঋণগ্রহীতারা এ স্কিমের আওতায় ঋণ পাওয়ার যোগ্য হবেন না।
এ ছাড়া তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতার কাছ থেকে ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো চার্জ নেওয়া যাবে না।